দুই আর্জেন্টাইনে সহজ জয় রোনালদোহীন জুভেন্টাসের

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১১:২৭ এএম

দলে ছিলেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তারকা এই ফরোয়ার্ডের অভাবটা টের পেতে দিলেন না দুই আর্জেন্টাইন গনসালো হিগুয়াইন ও পাওলো দিবালা। ম্যাচের শেষ দিকে তাদের অসাধারণ নৈপুণ্যে আতালান্তর মাঠ থেকে সহজ জয় নিয়ে ফিরেছে জুভেন্তাস।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ইতালিয়ান সেরি আ’র ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় মাওরিসিও সাররির দল। আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন দিবালা। যোগ করা সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকেন দিবালা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে এগিয়ে যায় আতালান্তা। সতীর্থ ফরোয়ার্ডের ক্রস থেকে দারুণ হেডে অতিথিদের জালে বল জড়ান মিডফিল্ডার রবিন গোসেন্স।

ম্যাচের ৭৪তম মিনিটে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে সমতা ফেরান জুভেন্টাস স্ট্রাইকার হিগুয়াইন। এর আট মিনিট পর হুয়ান কোয়াদ্রাদোর পাসে আর একটি গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকেন ফরোয়ার্ড দিবালা। গোলটিতে অবদান তার স্বদেশী হিগুয়াইনের।

এই জয়ে চলতি লিগে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ১৩ ম্যাচে এগারো জয় ও দুই ড্রয়ে দলটির পয়েন্ট ৩৫।

দ্বিতীয়স্থানে আছে দিনের আরেক ম্যাচে তোরিনোকে ৩-০ গোলে হারানো ইন্টার মিলান। দলটির পয়েন্ট ১৩ ম্যাচে ৩৪।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত