জাস্টিন টিম্বারলেক ও আলিশা ওয়াইনরাইটের সম্পর্ক নিয়ে হলিউডে আজকাল কানাঘুষা শুরু হয়েছে। হাত ধরাধরির একটি ছবিও এসেছে প্রকাশ্যে। অবশ্য দুই তারকার সংশ্লিষ্টগুলো গুজবে কান দিতে মানা করেছে। কারণে তাদের সম্পর্ক পুরোপুরি ‘নিষ্পাপ’!
ট্যাবলয়েড পত্রিকা দ্য সানের সূত্রে নিউ অরলিন্সে তোলা অভিনেতা জাস্টিন ও অভিনেত্রী আলিশার কিছু ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
২০১২ সালে অভিনেত্রী জেসিকা বেইলের সঙ্গে ঘর বাঁধেন জাস্টিন। তাদের রয়েছে চার বছরের ছেলে সাইলাস।
জানা গেছে, ছড়িয়ে পড়া ছবি মূলত এক দল বন্ধুর সঙ্গে দুই তারকার আড্ডার। তারা বর্তমানে নিউ অরলিন্সে একটি সিনেমায় কাজ করছেন।
ভিডিওতে দেখা যায়, ৩৮ বছরের জাস্টিন অন্যদের সঙ্গে পানীয় হাতে বসে আছেন। ওই সময় টেবিলের নিচে ৩০ বছর বয়সী আলিশার হাত ছিল সহশিল্পীর হাতে। এরপর শুরু হয় তোলপাড়।
কিন্তু সেখানে উপস্থিত একজনের বরাত দিয়ে পিপল ডটকম জানায়, দুই তারকার মধ্যে প্রেমের কোনো বিষয় নেই। বরং ‘পুরোপুরি নিষ্পাপ’ বন্ধুত্ব রয়েছে তাদের। বরং কথোপকথনের এক ফাঁকে দুজন হাত ধরাধরি করেছিলেন মাত্র। এমনকি আলিশার পক্ষ থেকে বলা হয়, এই গুজবের কোনো ভিত্তি নেই। তারা বর্তমানে একই ছবিতে কাজ করছেন। সেখানে ছবির অন্য কলাকুশলীরাও ছিলেন।
আরও বলা হয়, ভিডিওটিতে যা দেখা গেছে আক্ষরিক অর্থে তেমন কিছু ঘটেনি। বরং কাজের ফাঁকে সবাই খোলা বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলেন।
দুই তারকার সিনেমাটির নাম ‘পালমার’। পরিচালনা করছেন ফিশার স্টিভেনস। সেখানে জেল ফেরত সাবেক কলেজ ফুটবল তারকার চরিত্রে আছেন জাস্টিন টিম্বারলেক।
