নাটোরে ৩০৭টি মরা বাদুড়সহ অমল বিশ্বাস (৫৫) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজনকে আটকের পর কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে মৃত বাদুড়গুলো উদ্ধার ও অমল বিশ্বাসকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন অমলকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। অমল বিশ্বাস যশোর জেলার চৌগাছা উপজেলার কংসাদিপুর গ্রামের মৃত সূর্য বিশ্বাসের ছেলে।
বাদুড়গুলো অমল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এনেছে এবং এগুলো তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের কাছে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করে বলে পুলিশ জানিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন জানান, পরে রাজশাহী রেঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষের নেতৃত্বে মরা বাদুড়গুলোর ওপর কেরোসিন ঢেলে তা মাটিচাপা দেওয়া হয়।
