প্রথমবার মিউজিক ভিডিও বানালেন অমিতাভ রেজা, নায়িকা সাফা কবির

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১০:১৩ পিএম

প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করলেন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। আর এই মিউজিক ভিডিওর নায়িকা হিসেবে কাজ করলেন সাফা কবির।

শনিবার এফডিসিতে গানটির শুটিং শেষ হয়। শিল্পী সাব্বিরের একটি গানের ওপর ভিত্তি করে নির্মিত হয় মিউজিক ভিডিওটি। এ প্রসঙ্গে  শিল্পী সাব্বির নাসির বলেন, ‘অমিতাভ রেজা প্রথমবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন। তাও আমার গান। এটা অবশ্যই  ভালো লাগার একটি বিষয়। আমি যখন গানটি করে অমিতাভ রেজাকে পাঠাই তখন সে জানান গানটি তার অসম্ভব ভালো লেগেছে। এরপরই প্রস্তাব দিই গানটির ভিডিও নির্মাণের। পরে ভালো লাগা থেকেই ভিডিও নির্মাণে  আসা তার। আশা করছি, দারুণ একটি কাজ হবে।দর্শক-শ্রোতারা মুগ্ধ হবেন।’

গানটি ভালো লাগায় একই ভাবে চিরকুট ব্যান্ডের সুমীও ভিডিওর চিত্রনাট্য করে দিয়েছেন বলে জানান সংগীতশিল্পী সাব্বির নাসির।

গান ও ভিডিওচিত্র প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘গানটি পছন্দ হয়েছে বলেই গানটির ভিডিও নির্মাণ করেছি। গানটির কথা ও গায়কি আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। মিউজিক ভিডিওতে গানের সঙ্গে দারুণ একটি গল্পও পাবেন শ্রোতা-দর্শকরা। 

সঙ্গীতশিল্পী সাব্বির জানান, গানটি প্রযোজনা সংস্থা গাংচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত