কঙ্গোতে কন্টিনজেন্ট স্থাপন করছে বিমানবাহিনী

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শািন্তরক্ষা মিশনে নতুন কন্টিনজেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। এ উপলক্ষে গতকাল রবিবার ঢাকায় বিমানবাহিনী ঘাঁটি বাশারের ব্যানএয়ারে কঙ্গোগামী সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন বাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এ সময় তিনি জাতিসংঘ শািন্তরক্ষা মিশনে পাঠানো সদস্যদের সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী ও দেশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অফিসার, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর ৩টি কন্টিনজেন্টে (ইউটিলিটি এভিয়েশন ইউনিট, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) মোট ৩২০ জন বিমানবাহিনীর সদস্য, একটি সি-১৩০ পরিবহন বিমান, ৬টি এমআই-১৭ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত