ফরিদপুরে ক্লিনিকের ভেতর যুবকের ঝুলন্ত লাশ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০১:১৯ পিএম

ফরিদপুরে প্রভাতী ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের একটি কক্ষ থেকে এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাজ্জাদ হোসেন (২২)। তিনি ক্লিনিকটির ওটি সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সকাল সাড়ে ৮টার সময় খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সাজ্জাদ হোসেনের বাড়ি গোপালগঞ্জের মুকসেদপুরে। তিনি উপজেলার নৌকান্দা গ্রামের মুইনুদ্দীনের ছেলে।

কোতোয়ালি থানা পুলিশের এসআই ফারুক হোসেন জানান, ক্লিনিকের একটি কক্ষে একসঙ্গে থাকতেন সাজ্জাদ ও বিধান কুমার দাস নামে আরেক যুবক।

সকালে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ কর্মকর্তা বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট বিধান কুমার দাসকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।

এদিকে বিধান কুমার পুলিশকে জানান, তারা রাত ২টার দিকে ঘুমাতে যান। পরে কীভাবে কী হয়েছে সেটা তিনি বলতে পারেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত