পার্বতীপুরে কৃষকের ধান সংগ্রহে উন্মুক্ত লটারি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০২:৫৯ পিএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের আওতায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের জন্য প্রথম পর্যায়ে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে খাদ্য বিভাগের উদ্যোগে প্রথম পর্যায়ে ধান সংগ্রহের লটারিতে ৩ হাজার ৬৭ কৃষকদের প্রত্যেকের কাছ থেকে এক মেট্রিক টন ধান সংগ্রহের জন্য স্লিপ তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সরকার ও তালিকাভুক্ত কৃষকরা সেখানে উপস্থিত ছিলেন।

পার্বতীপুর উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, পৌরসভাসহ ১০ ইউনিয়নের তালিকাভুক্ত ৩ হাজার ৬৭ কৃষকের প্রত্যেকের কাছ থেকে ১ মে.টন (১১শ’ কেজি) ধান সংগ্রহ করা হবে।

পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি রোপা আমন পার্বতীপুর উপজেলায় ২৮ হাজার ৫০ হেক্টর  জমিতে লাগানো হয়েছিল। এবার উপজেলায় ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮২ হাজার ৪৪৫ মেট্রিক টন এবং চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার ১৬৮ মেট্রিক টন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত