লন্ডনে জেলের ভেতরে মৃত্যু হতে পারে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলকে এক খোলা চিঠিতে এমন উদ্বেগ প্রকাশ করেছেন ৬০ চিকিৎসক।
টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সুইডেন, ইতালি, জার্মানি, শ্রীলঙ্কা ও পোল্যান্ডের ৬০ জন চিকিৎসক এই চিঠি লিখেন।
তারা ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখেন, অ্যাসাঞ্জ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তর করা জরুরি। নয়তো জেলেই তার মৃত্যু হতে পারে।
অক্টোবরে আদালতে শুনানির সময় গত ছয় মাসে প্রথমবার জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রকাশ্যে দেখা যায়। তখন তাকে অত্যন্ত দুর্বল ও অসুস্থ দেখায়। এমনকি নিজের জন্মতারিখ এবং আদালতে তিনি কেন এসেছেন, তাও ঠিকমতো মনে করতে পারছিলেন না অ্যাসাঞ্জ।
এমন পরিস্থিতিতে দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তরিত করে বিশেষ শারীরিক ও মানসিক চিকিত্সা করা না হলে কারাবন্দী অবস্থাতেই তার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে লন্ডনের বেলমার্শ কারাগারে বন্দী অ্যাসাঞ্জের আশঙ্কা, তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয়া হবে।
৪৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও গোপন কূটনৈতিক ফাইল প্রকাশ করে দেন। যার ফলে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয় মার্কিন প্রশাসনকে। এর দায়ে তাকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র।
