রাস্তায় আন্দোলন করলে নেত্রী এত দিনে মুক্তি পেতেন: গয়েশ্বর

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০১:১১ এএম

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের ওপর অতিমাত্রায় নির্ভরতা কমাতে হবে। কারণ আদালত তাকে জামিন দেবে না। রাজপথে নেমে আন্দোলন করলে এত দিনে নেত্রী মুক্তি পেতেন। 

সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

গয়েশ্বর বলেন, ‘১ বছর ১০ মাস আদালতের রায়ের ওপর ভরসা না করে যদি আমরা রাস্তায় আন্দোলন করতাম, তাহলে এত দিনে নেত্রী মুক্তি পেয়ে যেতেন। দেশের জনগণ যা কিছু পেয়েছে, আন্দোলন করেই পেয়েছে। আদালতের রায়ে পায়নি। দেশ স্বাধীন করা হয়েছে সেটাও আন্দোলনের মাধ্যমে, আদালতের রায়ে হয়নি।’

তিনি অভিযোগ করে বলেন, সরকার ষড়যন্ত্র চালাচ্ছে জিয়া পরিবারের ওপর। জিয়া পরিবারের সংখ্যা দেশে কম হলেও ১৬ কোটি। এ পরিবারের প্রতি ষড়যন্ত্র করা মানেই দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি ষড়যন্ত্র করা।

গয়েশ্বর বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু গণতন্ত্র পাইনি। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি। গণতন্ত্র নিয়ে যদি আমরা আন্দোলন করি, তাহলে আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারব।

সরকার সবকিছুকে গুজব বলে চালিয়ে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, পেঁয়াজের দাম আকাশচুম্বী, চালের দাম বৃদ্ধি, শিশু ধর্ষণ, ক্যাসিনোকাণ্ড, ব্যাংকের টাকা লুট– এসবই কি গুজব? এসব বুঝ দিয়ে আর কত দিন চলবে? সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আজ আমরা এমন বাংলাদেশে বাস করছি যে, রাষ্ট্রপতিকে বলতে হয় ‘রডের বদলে বাঁশ দেবেন না, সিমেন্টের বদলে বালি দেবেন না।’

সংগঠনের সভাপতি মাহফুজ কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত