পাইলট নিয়োগে অনিয়ম: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০১:২৪ এএম

পাইলট নিয়োগে অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সাবেক এমডি আবুল মুনীম মোসাদ্দিক আহমেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ এই মামলা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল মুনীম মোসাদ্দিক আহমেদ, বিমানের ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ পার্থ কুমার পণ্ডিত ও নিয়োগ শাখার ব্যবস্থাপক ফখরুল হোসেন চৌধুরী।

জানা যায় এজাহারে বলা হয়েছে, আসামিরা বিমান বাংলাদেশ এয়ারলাইনস লি:-এ ২০১৮ সালে ক্যাডেট পাইলট নিয়োগের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তারা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স নির্ধারণে বিমানের প্রচলিত বিধিবিধান অনুসরণ করেননি। নিজেদের ইচ্ছেমতো ব্যাখ্যা তৈরি করে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ দিয়ে এবং পরে ওই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করা হয়। আবুল মুনীম মোসাদ্দিক আহমেদের ভাতিজাসহ ৩০ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শিথিল করে নিজেরা লাভবান হন।

তারা প্রার্থীদের অবৈধ সুবিধা দেন। ক্যাডেট পাইলট নিয়োগের সঠিক পদ্ধতি অনুসরণ না করে, লিখিত ও মৌখিক পরীক্ষার মানবণ্টন ম্যানুয়াল করেননি। তারা মৌখিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর রেখে বিশেষ প্রার্থীদের অবৈধ সুবিধা দেন। লিখিত (এমসিকিউতে ২০ নম্বর ও বর্ণনামূলকে ১০ নম্বর) পরীক্ষায় গ্রেস দিয়ে প্রার্থী চূড়ান্ত করেন। অবৈধভাবে বিমানের ক্যাডেট পাইলট নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে বর্ণিত ব্যক্তিরা ন্যস্ত ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত