উল্লাস শেষ হলো সংঘর্ষে

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৩:৪৮ এএম

৩৮ বছর দক্ষিণ আমেরিকার ক্লাব পর্যায়ের শীর্ষ প্রতিযোগিতার শিরোপা জিতেছে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো। তাই উদযাপন হওয়ারই কথা। কিন্তু রবিবার রিও ডি জেনেরিওতে শিরোপা জয়ের উল্লাস শেষ হলো সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে। ফ্ল্যামেঙ্গোর খেলোয়াড়দের বরণ করে নিতে এদিন রিওর রাস্তায় ছিল ১০ হাজারের বেশি ফুটবল সমর্থক। বেশিরভাগ সমর্থকের গায়েই ছিল প্রিয় ক্লাবের লাল-কালো স্ট্রিপের জার্সি। প্রায় এক ঘণ্টা ধরে উল্লাস ভালোই চলছিল। ক্লাব ও দেশের পতাকা ওড়াচ্ছিল তারা। ছিল নানা রকম ব্যানারও। আতশবাজিও হয়। এরই মধ্যে ছাদখোলা বাসে করে সমর্থকদের অভিনন্দনের জবাব দিতে দিতে রাস্তা দিয়ে যায় ফ্লামেঙ্গোর খেলোয়াড়রা। ঘটনার সূত্রপাত স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায়। উল্লাসের শেষ পর্যায়ে। হঠাৎই সমর্থকদের ভিড়ে দেখা যায় সাদা ধোঁয়া। এরপরই পুলিশকে লক্ষ্য করে পাথর, বিয়ারের বোতল ছুড়তে থাকে এক দল সমর্থক। অর্থনৈতিক স্থবিরতা এবং রাজনৈতিক দ্বন্দ্বের পর ফ্লামেঙ্গোর এই জয়োল্লাসের উপলক্ষ এনে দেয় ব্রাজিলিয়ানদের। তবে কারা এই সংঘর্ষ ঘটিয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় ব্রাজিল পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত