বসল ১৭তম স্প্যান পদ্মা সেতুর ২৫৫০ মিটার দৃশ্যমান

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:০৬ পিএম

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ২২ ও ২৩ নম্বর পিলারের ওপর এটি বসানো হয়। এতে সেতুর ২ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হলো বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির।

তিনি আরও জানান, মাত্র সাত দিনের ব্যবধানে সেতুতে দুটি স্প্যান বসানো হলো। গতকাল সকালে পদ্মার মাঝের চরের অস্থায়ী প্ল্যাটফরম থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের ১৭তম স্প্যানটি ভাসমান ক্রেন তিয়ান-ই পিলারের কাছে নিয়ে যায়। এরপর দুপুর সোয়া ২টার দিকে সেটি প্রকৌশলীরা বসাতে সক্ষম হন।

সংশ্লিষ্টরা জানান, সেতুতে মোট ৪২টি পিলার বসবে। এখন পর্যন্ত ৩৩টি পিলার নির্মাণ হয়েছে। ডিসেম্বরে ৬ ও ৩০ এবং আগামী বছর মার্চে ৮, ১০, ১১, ২৬, ২৭ ও ২৯ নম্বর পিলারের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু নির্মাণ শুরু হয়। এখন পর্যন্ত ৭৪ শতাংশ কাজ শেষ হয়েছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) মূল সেতু এবং নদীশাসনের কাজ করছে সিনো হাইড্রো করপোরেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত