গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস হলের প্রভোস্ট মো. শফিকুল ইসলামসহ হল প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে মারধরের হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটির কয়েকজন ছাত্র। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে হলের ১০২ নম্বর রুমটি দখলমুক্ত করতে গেলে এ হুমকির শিকার হয় হল প্রশাসন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
লিখিত অভিযোগে বলা হয়, সোমবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজয় দিবস হলে অবৈধভাবে দখলকৃত ১০২ নম্বর রুমটি দখলমুক্ত করতে যায় হল প্রশাসন। ওই রুমে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় স্বাধীনতা দিবস হলের ছাত্র রাসুল (বাংলা বিভাগ), মিনহাজুল ইসলাম আকাশ (সিএসই বিভাগ), তাহের (সাবেক ছাত্র, গণিত বিভাগ), তারেকসহ (সাবেক ছাত্র, সমাজ বিজ্ঞান বিভাগ) আরও কিছু ছাত্র উপস্থিত প্রভোস্ট, সহকারী প্রভোস্ট ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ করে।
