বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে অংশ নেবে বিএনপি। দলটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেবেন। তারা গণশুনানিতে দলের মনোভাব তুলে ধরবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বুধবার রাতে এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যে গণশুনানির আয়োজন করছে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দেবেন। অন্যজন দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বিষয়টি নিয়ে অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন বলেন, ‘বিদ্যুতের মূল্য বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই, সরকার বেসরকারি খাতে অতীতে যে ইনডেমিনিটি (দায়মুক্তি) দিয়েছে সেই ইনডেমিনিটির আড়ালে এবং কুইক রেন্টালের আড়ালে হাজার হাজার কোটি টাকা তাদের সুবিধা দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশব্যাপী বিদ্যুতের চাহিদা হলো ৮ হাজার মেগাওয়াট থেকে ১২ হাজার মেগাওয়াট। কিন্তু সরকার উৎপাদন ক্ষমতা দেখাচ্ছে এখন ২২ হাজার মেগাওয়াট, তারপরও বিদ্যুতের দাম কেন বাড়ানো হবে?’
