রাজধানীর কারওয়ান বাজারে একটি ভবনের লিফট ছিড়ে নিচে পড়ে স্বপন (২২) নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে সহর্মীরারা তার বিস্তারিত ঠিকানা জানাতে পারেননি।
সহকর্মী সুমন জানান, তারা কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। রাতে লিফটে নামার সময় ভবনের ৮ তলা থেকে লিফট ছিড়ে নিচে পড়ে যায়। এতে স্বপন প্রথমে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
