মামলার ইজিবাইক বিক্রি করে প্রত্যাহার ২ পুলিশ কর্মকর্তা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১১:৪৩ পিএম

ঢাকার ধামরাইয়ে ডাকাতি কাজে ব্যবহৃত ইজিবাইক আলামত হিসেবে জব্দের পর তা বিক্রি করে দেওয়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন ধামরাই থানার কাউলীপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) একেএম ফজলুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম।

জানা যায়, ২৭ সেপ্টেম্বর উপজেলার জালসা গ্রামে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে রমজান আলী নামে এক স্কুলছাত্র নিহত হয়। ডাকাতরা আশপাশের তিনটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

পরে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম ফজলুল হক বিভিন্ন এলাকা থেকে ছয় ডাকাতকে গ্রেপ্তার  করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক জিরানি এলাকায় একটি গ্যারেজ থেকে এএসআই শামীমকে সঙ্গে নিয়ে ডাকাতদের ব্যবহৃত তিনটি ইজিবাইক উদ্ধার করেন।

পরে সেগুলো ফাঁড়িতে রাখা হলেও পরে তা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে ফাঁড়ির ইনচার্জ ফজলুল হকের বিরুদ্ধে ইজিবাইক তিনটি বিক্রি করে দেওয়ার অভিযোগ তোলেন এএসআই শামীম হোসেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত