৮৫ বছর বয়সে বলিউডে আসা সেই অভিনেত্রী মারা গেছেন

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০৪:৩০ পিএম

বেশি বয়সে বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রী পুষ্পা জোশি। ২৬ নভেম্বর মারা গেছেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর।

২০১৮ সালে মুক্তি পায় অজয় দেবগণের থ্রিলার ‘রেড’। ওই ছবিতে পুষ্পার বলিউড অভিষেক হয়, অর্থাৎ তখন তার বয়স ছিল ৮৫ বছর।

পুষ্পার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। অবশ্য আগে শর্ট ফিল্ম ‘জায়কা’তে অভিনয় করেছিলেন। জীবনে এই দুটো ছবিই তিনি করেছেন।

সম্প্রতি ফেভিকুইকের একটি বিজ্ঞাপন সাড়া পান পুষ্পা। সেখানে তার চরিত্র ‘কাবারিবালি দাদি’। যিনি ফেলে দেওয়া ভাঙা সানগ্লাস, কানের দুল সব কুড়িয়ে নিয়ে নিজের সাজগোছে ব্যবহার করেন।

আনন্দবাজার পত্রিকা জানায়, পুষ্পা জোশির জন্ম জব্বলপুরে। ১৪ বছর বয়সে মধ্যপ্রদেশের হরদা জেলার এক তহশিলদারের সঙ্গে বিয়ে হয় তার। তারপর পুরোপুরি সংসারেই মনোনিবেশ করেন।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তীব্র আগ্রহ ছিল পুষ্পার। নাটক ও সংগীত ছিল জোশি পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। পুষ্পার ছেলে রবীন্দ্র থিয়েটার অভিনেতা। নাতি আভাস গান-বাজনা নিয়ে থাকেন, তার একটি গানের ব্যান্ডও রয়েছে।

কম বয়সে থিয়েটারে টুকটাক অভিনয় করেছেন পুষ্পা। সেই সূত্রেই ‘জায়কা’য় ওই শর্ট ফিল্মে অভিনয়ের সুযোগ পান। সেখানে অভিনয় দেখেই তাকে পরিচালক রাজকুমার গুপ্ত ‘রেড’ ছবিতে সুযোগ দেন।

জানা যায়, ফোকলা মুখে অনাবিল হাসি আর অফুরন্ত এনার্জিতে মাতিয়ে রাখতেন পুরো শুটিং ফ্লোর। তাকে ওই ফিল্মে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন দর্শক যে, রাতারাতি তিনি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন। অভিনেত্রী কাজল তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান।

পুষ্পার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন পরিচালক রাজকুমার গুপ্ত। টুইটারে দুঃখপ্রকাশ করেছেন অনেক ভক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত