একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, বর্তমানে সংসদ ও রাজপথে শক্তিশালী বিরোধী দল নেই। গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। নির্মূল কমিটি বিরোধী দলের ভূমিকা পালন করছে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের উদীচী কার্যালয় প্রাঙ্গণে জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারী ছাত্র ও আইনজীবী ফ্রন্টের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
নারী নেত্রী লক্ষ্মী চ্যাটার্জির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তুরিন আফরোজ, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কারুল হুদা সেলিম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলার সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইন, অধ্যক্ষ উর্মিলা রায় প্রমুখ।
শাহরিয়ার কবির আরো বলেন, ‘সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে দেশে জঙ্গি নির্মূল হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই। জামায়াতের রাজনীতি দেশে থাকবে আর দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে এটা ভাবারও কোনো সুযোগ নেই। জঙ্গিবাদের কারখানা নির্মূল করে জঙ্গিবাদের প্রশ্রয়দাতা ও মদতদাতাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেই সঙ্গে জামায়াতের রাজনীতি বন্ধ করতে হবে’।
