‘আমরা প্রত্যেকেই নিজেদের বাস্তব জীবনের মিশনটাই সিনেমায় তুলে ধরেছি’

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১১:৪২ পিএম

‘আমি কথা বলার অবস্থায় নেই। গত দুই দিন ধরে আমার নাওয়া-খাওয়া নেই, ঘুম নেই। আমার মা হাসপাতালে, আমি সেখান থেকেই এলাম।’ ৩০ নভেম্বর শনিবার রাতে এফডিসির ৭ নম্বর ফ্লোরে মিশন এক্সট্রিম সিনেমার পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এসে এভাবেই নিজের বাস্তব অবস্থা তুলে ধরেন আরিফিন শুভ।

আরিফিন শুভ আরও বলেন, ‘মিশন এক্সট্রিমের জার্নি অনেক লম্বা। আমার করা সবচেয়ে সময় নিয়ে করা ছবি। আপনাদের ভালো লাগলে আমরা অনুপ্রাণিত হবো।’

সিনেমার দুই পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ নিজেদের বক্তব্যে উল্লেখ করেন বাস্তব জীবনের মিশন নিয়েই তারা সিনেমাটি নির্মাণ করেছেন।

সানী সানোয়ার বলেন, ‘আমি মূলত বাস্তব জীবনের আলোকে গল্প লিখে থাকি। ‘ঢাকা অ্যাটাকে’র মতো ‘মিশন এক্সট্রিম’-ও বাস্তব জীবনের গল্প নিয়েই নির্মিত।’

সানীর সুরে তাল মিলিয়ে ফয়সাল আহমেদ বলেন, ‘আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই একেকটি মিশনের মতো। আমরা প্রত্যেকেই বাস্তব জীবনের মিশনটাই ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি।’

তাসকিন রহমান বলেন, ‘এই সিনেমায় আমরা নিজেদের সর্বোচ্চটা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে অ্যাকশন-সহ সবই আছে। সুন্দর একটা গল্প তুলে ধরা হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ঐশী বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমার লুক কি, পেশা কি। আজকের পোস্টার দেখার পর থেকে অনেকেই সেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আশা করি আমাদের ট্রেইলার টিজার সবকিছুই আপনাদের ভালো লাগবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে ঘোষণা করা হলো সিনেমা মুক্তির তারিখও। পরিচালকদ্বয় জানালেন সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ঈদুল ফিতরে। ‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। এতে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়াও রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ.শফিকুল ইসলাম- বিপিএম (বার) পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত কমিশনার, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।

উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনেতারা। অতিথি তালিকায় আরও ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনি হামিদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত