বারবার পুলিশকে ফাঁকি দিচ্ছিলেন এক দাগি অপরাধী। দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ থাকলেও কিছুতেই ধরা দিচ্ছিলেন না তিনি। শেষমেশ অভিনব উপায়ে তাকে হাতকড়া পরানো গেল।
এনডিটিভি জানায়, এক নারী পুলিশ অফিসার বিয়ের প্রস্তাব দিয়ে ওই অপরাধীকে ফাঁদে ফেলেন এবং বিয়ের পাত্রী সেজে গ্রেপ্তার করেন তাকে।
ভারতের মধ্যপ্রদেশের ছত্তারপুরে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত বালকৃষ্ণ চৌবের বিরুদ্ধে খুন-জখম-ডাকাতির একাধিক মামলা জমা পড়ে স্থানীয় থানায়। কিন্তু অপরাধ করেই হাওয়া হয়ে যেত সে। কোনোভাবেই গ্রেপ্তার করতে পারছিল না তাকে পুলিশ। প্রতিবারই ধরা পড়তে পড়তে রেহাই পেয়ে যায় বালকৃষ্ণ।
শেষে বালকৃষ্ণকে ধরার দায়িত্ব দেওয়া হয় ছত্তারপুরের গারোল্লি থানার ভারপ্রাপ্ত অফিসার মাধবী অগ্নিহোত্রীকে। মাধবী নিজের পুরোনো ছবি পাঠায় বালকৃষ্ণের গোপন আস্তানায়।
কুখ্যাত সেই অপরাধীর কাছে বার্তা পাঠানো হয়, তার জন্য বিয়ের পাত্রী দেখা হচ্ছে। বিয়ের কথা বলার জন্য ডাকাও হয় তাকে। এতে সাড়া না দিয়ে পারেনি বালকৃষ্ণ।
বৃহস্পতিবার রাজ্যের বিজোরি এলাকায় হাজির হতেই তিনজন কনস্টেবলের সাহায্যে বালকৃষ্ণকে গ্রেপ্তার করেন মাধবী। পরদিন আদালতে তোলা হলে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
