পার্বত্য শান্তিচুক্তির গুরুত্বপূর্ণ বিষয় অবাস্তবায়িত: সন্তু লারমা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:১০ পিএম

সরকার পার্বত্য শান্তিচুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবাস্তবায়িত রেখেছে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, ‘সরকার সশস্ত্র গোষ্ঠীকে মদদ দিচ্ছে।’

রবিবার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সুন্দরবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘রাঙামাটি ও বান্দরবানে আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্ব রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ মদদ ও যোগসাজশে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস ও দল চ্যুত আরাকান লিবারেশন পার্টি নামক বিদেশি সশস্ত্র গোষ্ঠীকে পার্বত্য চুক্তির বিরুদ্ধে ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘আজ পার্বত্য অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত নাজুক। জম্মু জনগণ অকল্পনীয় দমন-পীড়ন, নিরাপত্তাহীনতা ও অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছে। যে রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম সমস্যার একটা সুষ্ঠু রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের জন্য চুক্তিতে স্বাক্ষর করেছিল, সেই রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে সরকার একটা সন্ত্রাসী ও চাঁদাবাজ দল হিসেবে চিহ্নিত করে পার্বত্য চুক্তিকে নস্যাৎ করে দিতে বদ্ধপরিকর।’

তিনি আরও অভিযোগ করেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিষয়গুলো শাসকগোষ্ঠী অত্যন্ত সচেতনতা ও চতুরতার সঙ্গে আড়াল করে রেখেছে। পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ ২২ বছর অপেক্ষা করেও পার্বত্যবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ হলো না। সেটি আজ সুদূর পরাহত।’

সভায় উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক মেজবাহ কামাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত