এক শিক্ষক ৪ ছাত্র মিলে মাদ্রাসাছাত্রকে বলাৎকার

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৫:২৪ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে কালীগঞ্জের সিমলা গ্রামের গাউছুল আজম হাফেজীয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, রবিবার রাতে ওই মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেন আরো চার ছাত্রকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করে। এ সময় ছাত্রটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ সোমবার সকালে অভিযুক্ত শিক্ষক মোবারক হোসেনসহ আরো চারজনকে আটক করে।

তিনি জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মোবারক হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত চার ছাত্রকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত