ইলিয়াস কাঞ্চন। রাজপথের এক সংগ্রামী মানুষ। ২৫ বছর আগে সড়কে স্ত্রীকে হারিয়ে হৃদয়ে রক্তক্ষরণ বয়ে বেড়াচ্ছেন আজও। সেই ক্ষরণ থেকেই সড়ক নিরাপদ করতে নিরবচ্ছিন্ন ছুটে চলছেন তিনি। ২৫ বছর একাই করে গেছেন সংগ্রাম। নিরাপদ সড়কের দাবিতে পর্দার নায়ক রূপান্তরিত হয়েছেন বাস্তবের নায়কে।
সড়ক দুর্ঘটনা রোধে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসা নিরাপদ সড়ক চাই- নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে একটি প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছেন আদালত।
বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দুজনকে খালাস দেওয়া হয়েছে।
১ লা ডিসেম্বর রবিবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় প্রদান করেন। রায় ঘোষণা শেষে আদালত তার পর্যবেক্ষণে ইলিয়াস কাঞ্চন সম্পর্কে এ কথা বলেন।
আদালত বলেন, সড়ক দুর্ঘটনায় আর যেনো কারও প্রাণ না যায়। সড়ক দুর্ঘটনা রোধে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আন্দোলন করতে করতে তিনি নিজেও এখন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তার মতো সড়ক দুর্ঘটনা রোধে সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
সূত্র: নিরাপদ নিউজ।
