সিরাজগঞ্জের শাহজাদপুরে ওয়ার্কশপ মালিক আবদুল আওয়াল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী সোমবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে।
শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় ও শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে দুই দফায় এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়।
শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে আবদুর রউফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তাজু প্রামাণিক, আলমগীর হোসেন, ফখরুল হোসেন, মোতালেব প্রামাণিক, মানিক প্রামাণিক ও সাল্লছ প্রামাণিক।
বক্তারা বলেন, সরকারি জলাশয় নিয়ে বিরোধের জেরে গত ২৪ নভেম্বর সকালে শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের প্রতিপক্ষ নিজামউদ্দিন পক্ষের লোকজন আবদুল আওয়ালকে (৪০) হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা সোলায়মান প্রামাণিক শাহজাদপুর থানায় ৩৪ জনকে আসামি করে মামলা করেন। কিন্তু হত্যাকাণ্ডের আট দিন পার হলেও পুলিশ এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
