মাদারীপুরে পানিতে ডুবে অর্ঘ রায় (৩) ও প্রার্ঘ রায় (৩) নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার শশিকর গ্রামে।
অর্ঘ ও প্রার্ঘ রায় একই গ্রামের অনিমেষ রায়ের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে উঠানে খেলছিল অর্ঘ ও প্রার্ঘ। সবার অলক্ষে¨ বাড়ির সামনে পুকুরে পড়ে যায় তারা। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরের কাছে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখা যায়। পরে দুই ভাইকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
অনিমেষ রায় বলেন, ‘আমার দুই ছেলে বাড়ির উঠানে খেলছিল, কখন যে পানিতে পড়ে গেছে আমরা কেউ বুঝতে পারিনি।’
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. জিয়াউদ্দিন জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
ডাসার থানার ওসি মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
