উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২ সহপাঠীকে কুপিয়ে জখম

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

মাদারীপুর সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা তার দুই সহপাঠী ছাত্রকে কুপিয়ে জখম করেছে।

সোমবার দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ির অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলো বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শফিকুল ইসলাম ও আরমান বেপারী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ে গতকাল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল নবম শ্রেণির ওই ছাত্রী। পথে বখাটেরা তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তার হাতে মোবাইল নম্বর লেখা চিরকুট জোর করে দিতে ও ওড়না কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

বিষয়টি দেখতে পেয়ে বিদ্যালয়ের কয়েক ছাত্র প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে রনি শিকদার, সাইফুল শেখ, রানা শিকদার ও মো. আশিক ছুরি দিয়ে শফিকুল ও আরমানকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে বখাটেদের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আহত স্কুলছাত্র শফিকুল ইসলাম জানায়, সহপাঠীকে যৌন হয়রানি করছিল মস্তফাপুরের জলিল শিকদারের ছেলে রনি, বজলু শেখের ছেলে সাইফুল, ঘটমাঝি এলাকার আতিয়ার শিকদারের ছেলে রানা ও মো. মামুনের ছেলে আশিক। আমরা প্রতিবাদ করলে তারা ছুরি দিয়ে আমাদের আহত করে। পরে শুনেছি তারা অন্যান্য শিক্ষার্থীর ওপর হামলা করেছে। আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি। ভুক্তভোগী আরেক ছাত্রীর মা জানান, ওই বখাটেরা আগে তার মেয়ে ও অন্যান্য ছাত্রীকে যৌন হয়রানি করেছে। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বলেন, ‘এসব বখাটের বিষয়ে আগে জানা ছিল না। আজকে খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তদন্ত করে বখাটেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত