ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজে অভিযান চালিয়ে জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জাল সনদ ও চিকিৎসকদের নামে বানানো ভুয়া সিল-প্যাড জব্দ করা হয়। গতকাল সোমবার কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজে অভিযান চালিয়ে জালিয়াত চক্রের সদস্য মো. আরিফকে আটক করা হয়। আটক আরিফ ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী।
র্যাব-৩-এর মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট ও সিল-প্যাড বিক্রি করত আরিফ। এ জালিয়াত চক্রে আরও অনেকেই জড়িত। আমরা একজনকে ধরতে পেরেছি। অপর ব্যক্তিদেরও ধরা হবে। এছাড়া সনদ জালিয়াতিতে হাসপাতালের ঊর্ধ্বতন কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করা হবে।
মেজর মো. জাহাঙ্গীর আলম আরও জানান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। বাকিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
