নারীকর্মীরা যতদিন সৌদি আরবে থাকবেন তার দায়িত্ব সৌদি ও বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিকে নিতে হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা। গতকাল সোমবার নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ কারিগরি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
গত ২৭ নভেম্বর সৌদি আরবের রিয়াদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ কারিগরি কমিটির তৃতীয় সভা হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সচিব সেলিম রেজা। ওই বৈঠকের বিষয়ে জানাতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
সেলিম রেজা বলেন, নারীকর্মীদের নিরাপত্তায় জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হচ্ছেÑ নারীকর্মীদের সুরক্ষা নিশ্চিতে এ সংক্রান্ত আইটি প্ল্যাটফরম মোসানেদে কর্মীর বিস্তারিত ঠিকানা, সৌদি ও বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি এবং নিয়োগকর্তার পূর্ণ যোগাযোগের ঠিকানা, নারীকর্মীর নিয়োগকর্তা পরিবর্তন সংক্রান্ত তথ্যাদি, নারীকর্মীর আগমনের তারিখ এবং নিয়োগকর্তার কাছে হস্তান্তরের তারিখ, প্রত্যাবর্তনকারী গৃহকর্মীর এক্সিট সংক্রান্ত তথ্যাদি সন্নিবেশন করা। ইতিমধ্যে নিয়োগকর্তা পরিবর্তন, নতুন চুক্তি নবায়ন ও এক্সিটসংক্রান্ত তথ্যাদি ছাড়া অন্যান্য তথ্যাদি হালনাগাদ করা হয়েছে এবং অবশিষ্ট তথ্যাদি হালনাগাদের কাজ চলমান রয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে আদালতে মামলা করার পদ্ধতি আরও সহজ করার বিষয়ে দুপক্ষ একমত হয়। এ বিষয়ে সৌদি কর্র্তৃপক্ষ সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে শিগগিরই জানাবে। এছাড়া সব কর্মী যাতে চুক্তির কপি পেতে পারেন এ লক্ষ্যে সৌদি কর্র্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবে। কোনো বাংলাদেশি কর্মী অসুস্থ হয়ে পড়লে সুচিকিৎসা নিশ্চিতে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য বীমা করার জন্য সৌদি কর্র্তৃপক্ষ কোম্পানি/নিয়োগকর্তাদের বাধ্য করার উদ্যোগ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।
