গত ২৮ নভেম্বর দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘কেরানীগঞ্জে সিসা গলানোর কারখানায় দূষিত হচ্ছে পরিবেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সিসা কারখানাগুলো কেরানীগঞ্জের পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ওপর খারাপ প্রভাব ফেলছে তা তুলে ধরা হয়। প্রতিবেদনটি কেরানীগঞ্জের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
এ প্রতিবেদন প্রকাশের পরেই গত রবি ও সোমবার কেরানীগঞ্জের সিসা কারখানাগুলোর ওপর অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।
অভিযানে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের সব কয়টি সিসার কারখানা সিলগালা করে দেওয়া হয় এবং যে সকল সিসা কারখানা মালিক উপস্থিত ছিলেন তাদের নগদ অর্থদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে নাসির মিয়ার ঢালাই কারখানাকে নগদ ৩০ হাজার টাকা, নাজিম মিয়ার ঢালাই কারখানাকে নগদ ২০ হাজার টাকা ও পাইরোলাইসিস ফুয়েল প্লান্ট কারখানাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও কিছু কারখানা মালিককে জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল দেশ রূপান্তরকে বলেন, সিসা আমাদের মানবদেহের জন্য ও পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক। সিসার বিষাক্ত ধোঁয়া আমাদের জীববৈচিত্র্যের ওপর অনেক খারাপ প্রভাব ফেলে। কেরানীগঞ্জে কোনো অবৈধ সিসার কারখানা থাকতে পারবে না। সিসার কারখানা বন্ধের এ অভিযান অব্যাহত থাকবে।
