বাবরি মামলা থেকে আইনজীবী রাজীবকে বরখাস্ত জমিয়তের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০২:০৪ পিএম

বাবরি মসজিদ সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার প্রক্রিয়া থেকে আইনজীবী রাজীব ধবনকে বাদ দিয়েছে জমিয়তে উলেমায়ে হিন্দ।

ওই সিনিয়র অ্যাডভোকেট মঙ্গলবার ফেইসবুক পোস্টে জানিয়েছেন, রিভিউ পিটিশনের মামলাগুলোর একটি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হয়েছে, তার সঙ্গে তিনি আর জড়িত নন।

রাজীব ‘জমিয়তে উলেমায়ে হিন্দ’-এর পক্ষ থেকে রিভিউ পিটিশন করেছিলেন শীর্ষ আদালতে।

রাজীব তার ফেইসবুকে লিখেছেন, তাকে ওই মামলা লড়ার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত যে তিনি মেনে নিয়েছেন, মক্কেলদের লিখিতভাবে তা জানিয়েও দিয়েছেন।

ওই মামলায় জমিয়তের মূল অ্যাডভোকেট ইজাজ মকবুল। তার অধীনে কাজ করছিলেন অ্যাডভোকেট রাজীব।

কেন ধবনকে বরখাস্ত করা হল, তার কোনও গ্রহণযোগ্য কারণ জানানো হয়নি। অ্যাডভোকেট ইজাজ মকবুলের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার সময় অ্যাডভোকেট ধবনের পরামর্শ নেওয়া সম্ভব হয়নি। উনি (ধবন) ওই সময় দাঁতের ডাক্তারের কাছে ছিলেন।

যদিও এই অভিযোগ মানতে চাননি অ্যাডভোকেট ধবন। তিনি লিখেছেন, ‘আমি অসুস্থ বলে আমাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। তবে যে কারণে আমাকে বরখাস্ত করা হয়েছে তা একেবারেই মিথ্যা ও কাল্পনিক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত