মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি স্যাটেলাইট ভারতীয় চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে বিবিসি। টুইটারে দেওয়া এক বার্তায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে সংস্থাটি।
নাসার একটি উপগ্রহের এলআরও ক্যামেরায় বিক্রমের ধ্বংসাবশেষের ছবি ধরা পড়েছে। ছবিটি সংস্থাটিও প্রকাশ করেছে।
ল্যান্ডারটির সন্ধান পেতে ভারতীয় তরুণ কম্পিউটার প্রোগ্রামার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সানমুগা সুবরামানিয়াম সহায়তা করেছেন বলেও জানায় নাসা। সানমুগা বিষয়টি নিয়ে নাসার সঙ্গে যোগাযোগ করেন। তারপর বিভিন্ন উপগ্রহ চিত্র দেখে সংস্থাটি চন্দ্রযান-২-এর ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। নাসার পক্ষ থেকে সানমুগাকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে।
সানমুগা বলেন, ‘ল্যান্ডারের সর্বশেষ অবস্থান সম্পর্কে ছবি পাই নাসার কাছ থেকে। আমরা ধারণা করেছিলাম কোথায় ল্যান্ডারটি বিধ্বস্ত হয়েছে। ওই এলাকায় তন্ন তন্ন করে খুঁজে সন্ধান পাই ল্যান্ডারের।’
