এসএ গেমসের নারী ক্রিকেটে সূচনা করেছে বাংলাদেশ। পোখারায় নাহিদা আখতারের ৪ উইকেট ও সানজিদা ইসলামের ফিফটির সুবাদে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের দল। চার দলের এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সালমা। বাঁ-হাতি স্পিনার নাহিদা একাই ৩২ রানে নেন ৪ উইকেট। আর সালমা উইকেট না পেলেও দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে রান দেন মাত্র ১৩। তাদের বোলিংয়ে ৬ উইকেট ১২২ রানে বাধা পড়ে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন উমেশা থিমাসিনি। জবাব দিতে নেমে দলীয় ১৩ রানে বিদায় নেন মুর্শিদা খাতুন (৮)। কিন্তু দ্বিতীয় উইকেটে আয়েশার সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে তোলেন সানজিদা। ৬৬ রানে আয়েশা (২৯) এবং ৮৭ রানে নিগার সুলতানা (৬)-কে হারালেও জয়ের পথেই ছিল বাংলাদেশ। ফারজানাকে নিয়ে লক্ষ্যে পৌঁছে যান সানজিদা। ৪৫ বলে ৮ চারে ৫১ রান করে অপরাজিত থাকেন সানজিদা। ফারজানা ১ চার ও ১ ছয়ে করেন ২৩ । আজ নেপালের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। নেপাল প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল।
সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ১২২/৬ (২০ ওভার) (উমেশা ৫৬*; নাহিদা ৪/৩২)। বাংলাদেশ : ১২৬/৩ (১৮.৩ ওভার) (সানজিদা ৫১*, আয়েশা ২৯, ফারজানা ২৩*)।
