দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বুধবার দুপুরে মাদারীপুর জজকোর্টে একটি মামলার জামিন নিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকির অভিযোগে মাদারীপুরে করা মামলায় শামসুজ্জামান দুদুকে জামিন দিয়েছে আদালত।
বুধবার দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাজির আহমেদ এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট ৬ সপ্তাহের জামিনের আদেশ দিয়ে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি নিউজ টেলিভিশন চ্যানেলে রাজকাহন টক শো অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেভাবে শেখ হাসিনা বিদায় হবে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি প্রদান করেন।
এই অভিযোগে ২৯ সেপ্টেম্বর মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বাবুল আক্তার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
