চলতি আমন মৌসুমে পটুয়াখালীর কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনছে সরকার। ধান কেনার সেই টাকা পরিশোধ করা হবে সংশ্লিষ্ট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। ধানের ন্যায্যমূল্যসহ মধ্যস্বত্বভোগী, ফড়িয়া বা দালালদের হাত থেকে ধানের বাজার রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষকদের অভিযোগ, প্রতি বছরই কৃষকের গোলায় ধান উঠতে না উঠতেই মধ্যস্বত্বভোগীদের তৎপরতায় বাজারে ধানের দর নিম্নমুখী থাকে। মিটার পদ্ধতির ব্যবহার না থাকায় ফড়িয়া-দালালরা কৃষককে জিম্মি করে মণপ্রতি ৪০ কেজির পরিবর্তে ৪৭ কেজির হিসাব করে সাত কেজি ধান বেশি হাতিয়ে নিচ্ছে। হাটবাজারগুলোও তাদের নিয়ন্ত্রণে। ফলে বাইরের কোনো ক্রেতাই ধানের বাজারে আসতে পারছেন না। এতে তাদের কাছেই ধান বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। পটুয়াখালী কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ২ লাখ ১০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে ৫ লাখ ৮ হাজার ৫০০ টন। নিবন্ধিত ২১ হাজার ৯৩০ জন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১৫ হাজার ৭৫ টন ধান কেনা হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, কৃষক মৈত্রী। সংগঠনটির সভাপতি কৃষক আলাউদ্দিন দেশ রূপান্তরকে জানান, দীর্ঘদিন ধরেই এমন একটি দাবি জানিয়ে আসছিলেন ভুক্তভোগী কৃষকরা। দীর্ঘদিন ধরে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন তারা। সরকারের এ উদ্যোগে মধ্যস্বত্বভোগী ফড়িয়া বা দালালের প্রভাব কমবে।
