জেলা সদর হাসপাতালে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ও সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) স্থাপনে উচ্চ আদালতের নির্দেশনা প্রতিপালনের বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালককে (হাসপাতাল ও ক্লিনিক) তলব করেছে হাইকোর্ট।
হাসপাতালগুলোতে এই দুই ইউনিট স্থাপনে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) প্রস্তুত সংক্রান্ত বিষয়ে জানাতে আগামী ৮ জানুয়ারি তাদের হাজির হতে বলা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ সংক্রান্ত এক রিট আবেদন ও আদেশের ধারাবাহিকতায় এ আদেশ হলো।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বশির আহমেদ; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।
এর আগে গত ২৮ আগস্ট জেলা সদর সরকারি হাসপাতালগুলোতে ৩০ বেডের আইসিইউ ও সিসিইউ স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এ জন্য কী পরিমাণ অর্থ ও লোকবল প্রয়োজন তা জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
এরপর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, দেশের ৪৭টি জেলা সদর হাসপাতালে ৩০ বেডের আইসিইউ ও সিসিইউ স্থাপনের কাজ চলছে। ১৭টি হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের মতো জায়গা আছে কি না সে তথ্য নেওয়া হচ্ছে। যেসব হাসপাতালে আইসিইউ-সিসিইউ রয়েছে তাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
