খালেদার আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:২৪ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে যাওয়ায় এজলাস কক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল ও অবস্থান কর্মসূচি পালন করেন বৃহস্পতিবার সকালে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতির কাছে এ দাবি জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, “খালেদা জিয়ার আইনজীবীরা এ ধরনের আচরণে আদালতকে অসম্মান করার একটি নজির স্থাপন করেছেন। আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

এদিকে খালেদার জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন দাখিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে খুরশিদ আলম খান আদালতে মেডিকেল প্রতিবেদন পেছানোর জন্য সময়ের আবেদন করেন। অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবীরা এদিন শুনানির আরজি জানান।

যুক্তিতর্ক শেষে আদালত স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের জন্য আগামী বুধবার (১১ ডিসেম্বর) এবং শুনানির জন্য বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তারিখ নির্ধারণ করেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ থেকে এই আদেশ দেওয়া হয়।

শুনানি পেছানোই আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করেন। তারা ‘এ আদেশ মানি না, মানি না’ বলে হট্টগোল করতে থাকেন। এ সময় এজলাস ছেড়ে উঠে যান বিচারকেরা।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলীম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিন শুনানিকালে ২৮ নভেম্বর তার স্বাস্থ্যগত প্রতিবেদন দেখতে চান সর্বোচ্চ আদালত। এর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়। কিন্তু বিএসএমএমইউ কর্তৃপক্ষ বুধবার গণমাধ্যমকে জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট তৈরি করতে পারেননি। তাই আজ তারা রিপোর্ট আদালতে জমা দিতে পারবেন না। এ জন্য আদালতের কাছে সময় চান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত