মহেশপুর সীমান্তে আবারও দুই দালালসহ আটক ১৬

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৩:০৭ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ২ দালালসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সকালে জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২ দালালসহ ১৬ জনকে আটক করা হয়। জলুলী বিওপির অধীনে মাটিলা মাঠ থেকে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন দালাল আটক করা হয়।

পলিয়ানপুর বিওপির অধীনের ভৈরবা মোড় থেকে ৫ জন পুরুষ, ২জন নারী ও ১ জন দালালকে আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন।

মহেশপুর থানার ওসি (তদন্ত) এস এম আমানউল্লা জানান, আটকদের নামে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট প্রায় ২৭০ জনকে আটক করেছে বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত