চবি ছাত্রলীগ কর্মী তাপসের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ কর্মী তাপস সরকার হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগের একাংশ। ‘শহীদ তাপস স্মৃতি সংসদ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে তাপস হত্যায় জড়িতদের ফাঁসির দাবিও তোলেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবারের স্বপ্ন ও অনেক আশা নিয়ে তাপস সরকার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু এখান থেকে তাকে লাশ হয়ে ফিরে যেতে হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত তাপসের মতো ১৭ জন খুন হয়েছে। যার একটিরও বিচার হয়নি। এভাবে চলতে থাকলে খুনের ধারা অব্যাহত থাকবে। প্রশাসনের নীরব ভূমিকাই এর জন্য দায়ী বলে আমরা মনে করি। তাই আমরা দ্রুত তাপস হত্যার বিচার চাই।

মানববন্ধনে চবি শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও নিহত তাপসের বন্ধু শরিফ উদ্দীন বলেন, আবরারের খুনিদের যদি অজীবন বহিষ্কার করা হয়, অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হয়, তাহলে আমার বন্ধু তাপসের খুনিরা কেন বহিষ্কার হবে না? কেন তাপস হত্যার পাঁচ বছর পেরিয়ে গেলেও আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে না? প্রশাসনের কাছে আমার এই প্রশ্নটা রইল। তবে আমাকে এর জবাব দিতে হবে না, নিজেদের বিবেককে প্রশ্ন করুন। ছোটবেলা থেকে জেনে এসেছি আপরাধী যেই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়, তবে কি এই কথাগুলো মিথ্যা প্রমাণিত হবে? তাপস হত্যার বিচারের জন্য প্রশাসনের সুনজরের জোর দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত