বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে তার আইনজীবীরা আদালতে ‘ক্ষমার অযোগ্য অস্থিরতা’ তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সভার আগে শুক্রবার সকালে ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আদালতে যে ধরনের অস্থিরতা তৈরি করেছে, তা ক্ষমার অযোগ্য। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন দুরভিসন্ধি করছে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া কোনো রাজনৈতিক মামলায় বন্দী নন যে রাজনৈতিকভাবে সরকার তাকে মুক্তি দেবে। তিনি দুর্নীতির মামলায় আটক। দুর্নীতির মামলায় সরকারের কোনো করণীয় নেই। এটা আদালতের বিষয়।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আদালত প্রাঙ্গণে তারা (বিএনপির আইনজীবী) রণাঙ্গন সৃষ্টি করেছেন। শেষ পর্যন্ত প্রধান বিচারপতিকে পর্যন্ত বলতে হয়েছে- বাড়াবাড়িরও একটা সীমা আছে।’
তিনি বলেন, ‘সহিংসতা করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আন্দোলনের নামে নৈরাজ্যর চেষ্টা রুখে দেওয়া হবে। তাদের অরাজনৈতিক কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিএনপির কারসাজি রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক সবক’টিতে ইস্যুতে তাদের ইন্ধন, উস্কানি ছিল। তারা বসে নেই, বিভিন্ন দুরভিসন্ধি করছে।
