প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...
‘জাতিস্মর’ সিনেমার গানটির নিজের বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। বুঝতে অসুবিধা হচ্ছে না ‘জান’ বলতে মডেল, অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে ইঙ্গিত করেছেন তিনি। আজ যে তাদের বিয়ের দিন।
কিছুদিন ধরেই সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে নানা খবর ভেসে আসছিল। কেউ বলছিলেন, নতুন বছরের শুরুতে বিয়ে করবেন তারা। আবার কেউ বলেছিলেন মার্চ মাসে। তবে পরিচালক জানান, খুব শিগগিরই বিয়ে সারবেন। সেই মতো শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাটে রেজিস্ট্রি হবে তাদের।
আনন্দবাজার পত্রিকাকে সৃজিত জানান খুব ছোট আয়োজনে বিয়ে করছেন। ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুকে দাওয়াত করেছেন। তিনি বলেন, “ছোটখাটো অনুষ্ঠান করা হচ্ছে। টলি পাড়া থেকে রুদ্রনীল, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত থাকছেন। এ ছাড়াও যিশু-নীলাঞ্জনা থাকবেন। মিথিলার সঙ্গে যাদের আলাপ তাদেরকেই বলা হয়েছে।”
এদিকে মিথিলার সঙ্গে কলকাতায় গেছেন তার মা-বাবা, মেয়ে আইরা ও কাছের কয়েকজন। তারা সৃজিতের বাড়িতেই আছেন।
জানা গেছে. সৃজিত পরবেন পায়জামা, পাঞ্জাবি, জহরকোট আর লাল জামদানিতে নববধূ সাজে মিথিলা।
এদিকে সৃজিতের কোন দিকটা সবচেয়ে আকর্ষণ করে? এমন প্রশ্নে মিথিলা বলেন, “আমি আর সৃজিত দুজনেই কাজপাগল। আবার আমরা ভীষণ অলস। এটা বলে বোঝানো যায় কি না জানি না। কিন্তু এতেই আমাদের আসল মিল।”
রেজিস্ট্রি বিয়ের পর অতিথিদের নিয়ে থাকছে বিশেষ পার্টি। এ ছাড়া সৃজিতের বাড়িতে দিন জুড়ে থাকছে খাওয়াদাওয়া থেকে শুরু করে নানা আয়োজন। খাঁটি বাঙালি খাবারের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে। সন্ধ্যার মেন্যুতে থাকছে বিরিয়ানি, সঙ্গে পদ্মার ইলিশ।
ফেব্রুয়ারি-মার্চ নাগাদ টলিপাড়ার বাকিদের নিয়ে একটা বড় অনুষ্ঠানের পরিকল্পনায় রয়েছেন।
