সূত্রাপুরে ঝাড়ু দেওয়ার সময় ছাদ থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ এএম

রাজধানীর সূত্রাপুরে ভবনের ছাদ ঝাড়ু দেওয়ার সময় নিচে পড়ে গিয়ে বুলবুলি বেগম (৪৮)  নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে সূত্রাপুরের সিরিষ দাস লেনের আক্তার আলীর ২৬ নম্বর বাড়ির ছাদ থেকে পড়ে তিনি নিহত হন। 

সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশিস রায় দেশ রূপান্তরকে বলেন, বুলবুলি পেশায় কাজের ছুটা বুয়া। ধারণা করা হচ্ছে  ছাদে ঝাড়ু দেওয়ার সময় তিনি মাথা ঘুরে নিচে পড়ে গেছেন। শব্দ পেয়ে আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে অচেতন মহিলাকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল মেডিকেলে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন,  ভবনের প্রথম তলার ছাদের অর্ধেক জায়গা খালি আর বাকি জায়গায় ঘর তোলা আছে। ওই খালি অংশেই  ঝাড়ু দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মুরগি টোলায় বসবাসকারী স্বামী পরিত্যক্তা বুলবুলির গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।

সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে প্রথম তলার ছাদ থেকে নিচে পড়ে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই বুলবুলি মারা যান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত