সৌরভ গাঙ্গুলি ও রবি শাস্ত্রীর সম্পর্ক নিয়ে শেষ তিন বছরে আলোচনা কম হয়নি। শাস্ত্রী এখন ভারতের কোচের দায়িত্বে। আর সৌরভ কিছুদিন হলো ভারতের ক্রিকেট বোর্ডের প্রধানের চেয়ারে বসেছেন। বিসিসিআইয়ের সভাপতি তিনি।
সৌরভ বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর থেকেই শাস্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। শাস্ত্রী কিছুদিন আগেই সৌরভের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। এবার মুখ খুললেন সৌরভ।
শুক্রবার কলকাতায় একটি মিডিয়া ইভেন্টে এসে বিসিসিআই সভাপতি বলছেন, ‘জল্পনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কিছু বলার নেই। পারফর্ম করলে সে থেকে যাবে। না করলে সেই জায়গায় অন্য কেউ আসবে।’
‘আমি যখন খেলতাম তখন এটাই হয়েছিল। কথাবার্তা, গুজব এসব থাকবেই। কিন্তু আমাদের মনঃসংযোগ করা উচিত ২২ গজে কী চলছে সেটার ওপর।’
সৌরভ বিসিসিআই সভাপতি হওয়ার পর শাস্ত্রী বলেছিলেন, ‘আমার আর সৌরভের মধ্যে যা বৈপরীত্য তৈরি হয়েছিল, সেটার এখন আর কোনো অস্তিত্ব নেই। সেই ঘটনা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা দুজনেই সাবেক অধিনায়ক। ফলে তর্ক-বিতর্ক হতেই পারে। সবাই এক রকম ভাববে তার কোনো মানে নেই। কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা রয়েছে।’
২০১৬ সালে অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত করে বিসিসিআই। বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি কুম্বলেকে বেছে নেয়। সেই কমিটির সদস্য ছিলেন- সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণ। সেবার শাস্ত্রী কোচিংয়ের সুযোগ না পাওয়ায় সৌরভকে দুষেছিলেন।
