‘ভুবন মাঝি’খ্যাত নির্মাতা ফখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’ সিনেমায় যুক্ত হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। ‘বহুদিন বাতাসে ওড়েনি চুল’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গতকাল গড়াই ফিল্মের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘গণ্ডি’ সিনেমার অফিশিয়াল ফেইসবুক পেজে গানটি প্রকাশ করা হয়েছে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।
এই গানটি ছাড়া তিনি ‘গণ্ডি’র আবহসংগীত পরিচালনা করছেন। গানটি লেখা ও সুর প্রসঙ্গে দেবজ্যোতি মিশ্র বলেন, ‘আরেফীন যেদিন আমায় সিনেমার গল্পটি বলেছিলেন। সেদিনই গানটির কথা মাথায় আসে। আরেফীনকে বলা মাত্র তিনিও রাজি হন গানটি তার সিনেমায় ব্যবহার করতে। আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে।’
ফখরুল আরেফীন খান বলেন, ‘রূপঙ্কর বাগচী আমার খুব প্রিয় একজন শিল্পী। পুরো বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় একজন। ‘গণ্ডি’ সিনেমার একটি গান তার গলায় থাকছে। এটি আমাদের জন্য আনন্দের একটি বিষয়। তিনি যে গানটি গেয়েছেন, এই গানটি বাংলা ভাষাভাষী মানুষদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’
এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ফেলুদাখ্যাত সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা।
