বাচ্চারা রেগেমেগে একটু অভদ্র আচরণ করলে বড়রা যেমন মাথা পেতে নেন, ঠিক তেমনি একটি চিতাবাঘ একটি বাচ্চা নায়ালার বেপরোয়া ভাবকে মেনে নিয়েছেন!
হরিণের মতো তৃণভোজী এই আফ্রিকান প্রাণীদের দেখলেই বাঘেরা সাধারণত হিংস্র হয়ে ওঠে। অথচ একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নায়ালা মাথা দিয়ে বাঘকে ধাক্কা দিলেও সে চুপ রয়েছে।
এভাবে বেশ কিছুক্ষণ চলার পর নায়ালার থেকে সরে যায় চিতাবাঘটি। নায়ালাও তার পেছন পেছন যেতে থাকে।
ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের। এই ভিডিও ধরা পড়েছে সেখানকার সাফারি গাইড অ্যান্দ্রে ফৌরির ক্যামেরায়।
বিরল দৃশ্যের সাক্ষী হয়ে অবাক হয়েছেন তিনি। সেখানকার এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বাঘের থেকে বাঁচতে দৌড়ই নায়ালার একমাত্র হাতিয়ার। কিন্তু এই নায়ালাটি যে পালাতে পারবে না, তা বুঝে গিয়েছিল চিতাবাঘটি। আর কোনও রকম প্রলোভন না থাকায় সে নায়ালাকে শিকার করতে খুব একটা উৎসাহ দেখায়নি।’
