আ.লীগের সম্মেলন ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১২ পিএম

বরুড়ায় একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের ডাকা সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে বরুড়া পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এ ঘটনার পর আবার সংঘর্ষের আশঙ্কায় সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল শনিবার (৭ ডিসেম্বর) ত্রি-বার্ষিক সম্মেলনের এ তারিখ ঘোষণা করেন।

একইদিন উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম সমর্থিত আওয়ামী লীগ একই স্থানে সম্মেলন করার ঘোষণা দেয়। এরপর থেকেই উত্তেজনা। শনিবার সকাল থেকেই দুই গ্রুপের কর্মীরা ঈদগাহ মাঠে জড়ো হতে শুরু করেন; পরে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশসহ পাঁচজন আহত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, এমপি নাছিমুল আলম আমাদের না জানিয়ে সম্মেলনের ঘোষণা দেন। তিনি আরও জানান, জেলা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে। তাকে না জানিয়ে তড়িঘড়ি করে সম্মেলন করা হচ্ছে।

নাছিমুল বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। আমরা সম্মেলন আহ্বান করেছি। এখানে আওয়ামী লীগের অন্য কেউ সম্মেলনের ডাক দিয়েছে কি না জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম জানান, সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত