ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত ১০ কুকুর পেল বাংলাদেশ সেনাবাহিনী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩৮ পিএম

শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল শনিবার দুপুরে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে কুকুরগুলো হস্তান্তর করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল কেশব যাদব বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন ও লে. কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ভারতীয় সেনাবাহিনীর দেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলো মাদকদ্রব্য ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে তা পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে রেখে গতকাল দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

তিনি আরও জানান, শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত মোট ৩০টি কুকুর দেবে ভারতীয় সেনাবাহিনী। যার অংশ হিসেবে প্রথম চালানে ১০টি কুকুর গতকাল হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত