বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধন আজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৪০ এএম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধন আজ সন্ধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে আয়োজিত বিশেষ এই বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সন্ধ্যা ও রাত রঙিন হয়ে উঠবে আতশবাজিতে। লেজার বিমের খেলায় নেবে অনন্য রূপ। এর মাঝে দেশি ও বলিউড শিল্পী-অভিনেতা-অভিনেত্রীদের পারফরম্যান্স দেবে ভিন্ন মাত্রা।

 ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এবারের বিপিএল। টুর্নামেন্টটির সপ্তম আসর এবার। আসর শুরুর দিন তিনেক আগে উদ্বোধন অনুষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আগেই জানানো হয়েছিল, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের এই বিশেষ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। সেসব বিবেচনায় নিয়েই এই আয়োজন।

সপ্তাহখানেক ধরেই শেরে বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির সামনের দিকটায় স্টেজ তৈরির কাজ চলছিল। গতকাল সেটা প্রস্তুত হয়ে গেল। কিছু রিহার্সেল হলো। জ্বলল আলো। আতশবাজির মহড়াও হলো। এখানেই বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা খানরা পারফর্ম করবেন আজ। গান গাইবেন বাংলাদেশের সুপারস্টার মমতাজ ও জেমস। আরও গাইবেন ভারতের কৃতী শিল্পী সনু নিগম ও কৈলাশ খের।

প্রথমে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, সব মিলে হাজার আটেক দর্শক এই অনুষ্ঠান দেখতে পারবেন। শেষটায় চাহিদার কথা মাথায় রেখে মাঠের মধ্যে বসে খেলা দেখার আরও কিছু টিকিট ছাড়া হয়েছিল। তবে সব মিলে সাধারণ দর্শক হাজার ছয়েকের বেশি হওয়ার কথা নয়।

দুপুর আড়াইটায় স্টেডিয়ামের গেট উন্মুক্ত হয়ে সন্ধ্যা সাড়ে ৫টায় বন্ধ হবে। প্রস্তুতি থাকতে হবে রাত অন্তত ১১টা পর্যন্ত উৎসবে মেতে থাকার। যে সূচি বিসিবি থেকে দেওয়া হয়েছে সে অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত ৭টা ২০ মিনিটে মঞ্চে আসবেন। উদ্বোধন করবেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯-২০২০ এর। তার আগে একেবারে শুরুতে সোয়া ৫টায় ডিরকস্টার মহিদুল ইসলাম শুভর পারফরম্যান্স দিয়ে শুরু। তার মিনিট দশেকের পারফরম্যান্সের পর ফোক সংগীত শিল্পী রেশমি মির্জা গান শোনাবেন। সন্ধা ৬টায় জেমসের পারফরম্যান্স শুরু হওয়ার কথা। ৬টা ৪০-এ মমতাজ উঠবেন মঞ্চে।

প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন ঘোষণা করার পর আতশবাজির খেলা হবে। সব থেমে গেলে সনু নিগম আসবেন দলবল নিয়ে। সাড়ে ৮টার দিকে লেজার বিম শো। ৯টার ঠিক আগে কৈলাশ খেরের পারফরম্যান্স শুরু। তবে উপস্থিত এবং টেলিভিশন দর্শকরা সম্ভবত সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকবেন একেবারে শেষের আয়োজনের জন্য। সাড়ে ৯টায় ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স শুরু। ভাইজান সালমান খান তখন প্রস্তুতি নেবেন। মঞ্চে তার পারফরম্যান্স শুরু রাত ১০টায়। তার মিনিট বিশেকের পারফরম্যান্সের পর যুগল পারফরম্যান্স। সালমান-ক্যাটরিনা শো দিয়ে শেষ হবে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত