ক্রীড়াঙ্গনে সাংবাদিকদের অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬-এ অংশ নিয়েছে দৈনিক দেশ রূপান্তর টিম।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান-১-এ মিডিয়াকম লিমিটেডের কার্যালয়ে (স্যামসন সেন্টারের বিপরীতে) অনুষ্ঠিত ম্যাচে সময় টেলিভিশন টিমের মুখোমুখি হয় দেশ রূপান্তর।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সময় টেলিভিশন টিমের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশ নেয় দেশ রূপান্তর টিম। ম্যাচে ২১-১৪ ও ৯-২১ পয়েন্টে জয় তুলে নেয় সময় টেলিভিশন। এদিন দেশ রূপান্তর টিমের হয়ে খেলায় অংশ নেন রনি ও খায়ের। অন্যদিকে, সময় টেলিভিশন টিমের হয়ে খেলেন তানজিল ও মামুন।
এদিকে, দ্বিতীয় ম্যাচে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির বিপক্ষে ওয়াকওভার পায় দেশ রূপান্তর। আয়োজকেরা ওয়াকওভারের মাধ্যমে দলটিকে বিজয়ী ঘোষণা করেন।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় গ্রিন টেলিভিশন টিমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে দেশ রূপান্তর টিমের।
সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ব্যস্ততার বাইরে এ ধরনের ক্রীড়া আয়োজন সাংবাদিকদের বিনোদন ও শারীরিক চর্চার সুযোগ তৈরি করে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।