মেসির হ্যাটট্রিকে রিয়ালকে টপকে শীর্ষে বার্সা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:২১ এএম

হ্যাটট্রিকে করে ষষ্ঠ ব্যালন ডি’অর জয়টা উদযাপন করলেন লিওনেল মেসি। তার অসাধারণ নৈপুণ্যের দিনে পুঁচকে মায়োর্কাকে হারিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে ফের লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।

ক্যাম্প ন্যুতে শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ৫-২ ব্যবধানের জয় পায় বার্সেলোনা। প্রথমার্ধে চারটি গোল পাওয়া কাতালান ক্লাবটি ম্যাচের শেষ মুহূর্তে পায় পঞ্চম গোলটি। প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়েছেন মেসি। তার তিনটি গোলই ছিল নজরকাড়া। অপর দুটি গোল অঁতোয়ান গ্রিজমান ও লুইস সুয়ারেসের।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই গোল উৎসবে মাতে বার্সেলোনা। সপ্তম মিনিটে মিনিটে নিজেদের গোলরক্ষক মার্ক আন্ড্রে টের-স্টেগানের কিক থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন ফরাসি স্ট্রাইকার গ্রিজমান।

সপ্তদশ মিনিটে গোলের দেখা পান মেসি। গ্রিজমান থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ৪১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ইভান রাকিতিচের দ্রুত গতির পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো জাল খুঁজে নেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে বার্সেলোনাকে চতুর্থ গোল এনে দেন সুয়ারেস। ডি-বক্সের মাঝামাঝি থেকে করা তার এই গোলে অবদান ছিল ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংয়ের। এর মধ্যে মায়োর্কা একটি গোল শোধ করায় ৪-১ ব্যবধানে এড়িয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পর আরও গোল শোধ করে মায়োর্কা। অতিথি দলের হয়ে দুটি গোল করেন বসনিয়া-হার্জেগোবিনার আন্তে বুদিমির।

ম্যাচের ৮৩তম মিনিটে সুয়ারেসের পাস থেকে বুলেট গতির শটে অতিথি দলের কফিনে শেষ পেরেক ঠুকে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। লা লিগায় এটা তার ৩৫তম হ্যাটট্রিক। ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড একার করে নিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচ শুরু হওয়ার আগে মেসি তার জেতা ষষ্ঠ ব্যালন ডি’অর পুরস্কারটি প্রদর্শন করেন। তিন ছেলে নিয়ে এসেছিল বার্সেলোনা অধিনায়কের ট্রফি।

দিনের শুরুর ম্যাচে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ঘন্টা চারেকের বেশি ধরে রাখতে পারল না জিনেদিন জিদানের দল।

মায়োর্কাকে উড়িয়ে আবার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। পনেরো ম্যাচে দলটির পয়েন্ট ৩৪। রিয়ালের পয়েন্টও ৩৪। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে থাকতে হচ্ছে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত