দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৪০

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৩ পিএম

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এর মধ্যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার কনকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে শনিবার রাতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার সকালে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ৩৪ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে মাদক মামলার বিভিন্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, অভিযানে এক নারীসহ ৪০ জন খুচরা মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ও কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন।

কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, ‘দিনাজপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা মাদক সেবন করবে এবং যারা বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবে না। আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান চলতেই থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত